৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, মানিকগঞ্জ): মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইউনিয়নের বনপাড়িল গ্রামের সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে ব্যবসায়ী আলী আহমেদ দাবি করেন, ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। ডাকাত দলের সদস্য তাদের দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুটে নেয়।
এ সময় চিৎকার করলে ডাকাত সদস্যরা গুলি করার হুমকি দিয়ে চলে যায়।
প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এর পর ডাকাত দলের সদস্য তাদের বাড়ি থেকে বের হয়ে যায়। স্থানীয় লোকজন ডাকাত সদস্যদের ধাওয়া করেন। পরে ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিনজনকে ধরে গণপিটুনি দেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আহত তিনজনকে পুলিশে সোপর্দ করে। পুলিশ আহত ডাকাত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামবাসী তিনজনকে গণপিটুনি দিয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার এসআই টুটুল উদ্দিন বলেন, গণপিটুনিতে আহত তিন ডাকাত সদস্যকে উদ্ধার করে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অল্প সময়ের ব্যবধানে দুই ডাকাতকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত আরেক ডাকাত সদস্য চিকিৎসাধীন। হতাহতের ডাকাতদের পরিচয় জানা যায়নি।
গণপিটুনি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply