নিউজ ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কোন দিন ফিরে আসবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ। বলেন, বাংলাদেশে কোন দিন আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান ক্ষমতাশীন দলের অধিনেই সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির অবাস্তব দাবির কোন মূল্য নেই।
শনিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি একটি অত্যাচারি দল উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, বিএনপি ২০০১ সালের পর আমাদের দলের নেতা কর্মীদের উপর অমানবিক অত্যাচার করেছে। তাদের সেই নির্যাতনের কথা এখনও মানুষ ভোলেনি। লালমোহনে পানির মধ্যে লুকিয়ে থাকা মা-বোনদের তুলে নিয়ে নির্যাতন করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে বিশ্বে মর্জাদাশীল দেশ হিসাবে আমরা চিহিৃত হবো।
তোফায়েল আহমেদ বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। তাই দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে।
প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবো। বর্তমানে আমরা চাই ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রীজ। এই সেতুটি হয়ে গেলে ঢাকা থেকে মাত্র চার ঘন্টায় ভোলায় আসা যাবে। এখানে কল-কারখানাসহ অনেক ইন্ডাস্ট্রি হবে।
পরে তোফায়েল আহমেদ পরানগঞ্জ বিশ্বরোড, জংসন বাজার ও রাজাপুরে পথ সভায় বক্তব্য রাখেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply