নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ডক্টস ইউনূসকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে ডক্টর ইউনূসকে তলব করা হয়েছে। চিঠিটি দেয়া হয় গত ২৭ সেপ্টেম্বর।
ডক্টর ইউনূস গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। গত ৩০ মে গ্রামীণ টেলিকম থেকে শ্রমিক-কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার।
পরে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কিছু অভিযোগসংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠান। এর সূত্র ধরেই গত বছরের ২৮ জুলাই দুদক অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে তিন সদস্যের কমিটি করে। অনুসন্ধানের অংশ হিসেবে গত বছরের আগস্টের কয়েক দফায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
মামলায় অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পাঁচ পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও এসএম হাজ্জাতুল ইসলাম লতিফী, আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম।
দুদক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply