স্পোর্টস ডেস্ক: দেশের নারী ফুটবলারদের বেতন কাঠামো, আবাসন ও অনুশীলন নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান উপদেষ্টা ফুটবলারদের কাছে এসব সমস্যা লিখিত আকারে চেয়েছেন বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।
শনিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করেন প্রধান উপদেষ্টা।
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপ জিতে নেয় বাংলাদেশ দল।
সংবর্ধনা অনুষ্ঠানশেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, নারী ফুটবল দলের আবাসন সংকট, অনুশীলন সুবিধার অভাব এবং বেতন কাঠামোর মতো সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টা এগুলো সমাধানের জন্য পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ধৈর্য সহকারে সাফ বিজয়ী ফুটবলারদের দাবিগুলো শোনেন এবং এসব সমস্যা লিখিত আকারে তার কার্যালয়ে জমা দেয়ার জন্য বলেন। এছাড়া মুহাম্মদ ইউনূস সাফজয়ীদের সাথে প্রাতঃরাশেও অংশ নেন।
আসিফ মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা এ সময় নারী ফুটবল দলের সব সদস্যকে ফুটবল ও সই করা জার্সি উপহার দেন।
এক প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফুটবলারদের ২ থেকে ৩ দিনের মধ্যে লিখিত আকারে তাদের সমস্যা জমা দিতে বলা হয়েছে এবং আমি নিজে সেগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব।
তিনি বলেন, অধ্যাপক ইউনুস নারী ফুটবলারদের উৎসাহিত করেছেন, যাতে করে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমস্যার বিষয়ে আসিফ জানান, বাফুফের নতুন কমিটির সাথে পরামর্শ করে নারী ফুটবল দল ও ফুটবলের অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
খেলোয়াড়রা খেলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারাই এখন অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকত কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, এটা আমি নিশ্চিত করব।
বাফুফের বিরাট অঙ্কের ঋণের তথ্য এসেছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, আর্থিক অনিয়মের বিষয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনও অনিয়ম পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সংবর্ধনা/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply