নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই চুক্তি কেবল একটি রাজনৈতিক সমঝোতা নয়, এটি দেশের সংবিধানের আওতায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ আনুগত্য রেখে শান্তি, সহাবস্থান এবং ন্যায্যতার নীতির উপর প্রতিষ্ঠিত একটি মহৎ অঙ্গীকার।
মঙ্গলবার ২ ডিসেম্বর রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। “দ্য চিটাগাং হিল ট্র্যাকস অ্যাকর্ড: ট্রান্সফর্মিং হারমোনি ইনটু প্রসপারিটি” শীর্ষক সেমিনারের আয়োজক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে পার্বত্য চট্টগ্রামবাসী ও সরকারের মধ্যে একটি বোঝাপড়া হিসেবে উল্লেখ করেন। বলেন, এটি সবার জন্য একটি ইতিবাচক দিক। তিনি দীর্ঘদিন ধরে চলা সংঘাতময় সমস্যার সমাধান করাই এই চুক্তির প্রক্রিয়া বলে উল্লেখ করেন।
উপদেষ্টা বলেন, বর্তমান চেয়ারম্যানদের নির্বাচনের পরিবর্তে ভোটের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান দরকার। বৃহত্তর জনগোষ্ঠীর নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের কল্যাণে নিবেদিত হন। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদগুলোতে যেসব বিভাগ হস্তান্তর করা হয়েছে, সেগুলোর জন্য প্রয়োজনীয় আইন ও প্রবিধান তৈরি করা জরুরি। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শে বিধি-বিধান সহজীকরণের চেষ্টা চলছে।
সুপ্রদীপ চাকমা বলেন, প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ই-লার্নিং সুবিধা পৌঁছানো এবং সমতাভিত্তিক জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৫ হাজার সোলার প্যানেল বিতরণ করা হয়েছে এবং আরও বিতরণের প্রয়োজন রয়েছে। তিসি ‘সোশ্যাল পুলিসিং’ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। তিনি শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। সেমিনারে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রাশিদা ফেরদৌস, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা-সহ অন্যরা।
পার্বত্য শান্তি চুক্তি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: NRB365.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ART News BD















Leave a Reply