নিউজ ডেস্ক: জমি নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্রপ্রবাসী নোয়াখালীর আকবর হোসেন ওরফে বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি আক্তার, রহমত উল্লাহ ওরফে রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজীব মিয়া। দণ্ডপ্রাপ্তরা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা। এর মধ্যে লিপি আক্তার ও সজীব পলাতক। তবে রায় ঘোষণার সময় অন্য তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লার লাকসাম অংশের মুদাফফরগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, উদ্ধার হওয়া লাশটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উলুপাড়া গ্রামের প্রবাসী আকবর হোসেনের। পরে ফেসবুকে ওই লাশের ছবি দেখে পরিচয় শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।
এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। এদিকে আসামিদের মধ্যে তাজুল ইসলাম ছাড়া অন্য চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
আদালত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply