ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে

৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ আসামীর সবার মৃত্যুদণ্ড বহাল রেখে দেয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা রেখে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় এ রায় দেয়া হয়েছিল।

সোমবার প্রকাশিত ৮৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে ফায়ারিং স্কোয়াড বা ফাঁসি দিয়ে দণ্ডিত ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে পারবে। এই রায়ে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশের আংশিক পরিবর্তন করে অনুমোদন দিয়েছেন হাইকোর্ট।

ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম ২০১৭ সালের আগস্টে দেয়া রায়ে ‘হাইকোর্ট বিভাগের অনুমোদ সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে গুলি’ করে ১০ আসামীর সাজা কার্যকর করতে বলেছিলেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আসামীদের সবার মৃত্যুদণ্ড বহাল রাখেন।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় মাটিতে পুঁতে রাখা ৭৬ কেজি ওজনের বোমা পাওয়া যায়। পরদিন ৮০ কেজি ওজনের আরেকটি বোমা পাওয়া যায় কোটালীপাড়ার হেলিপ্যাড থেকে। এর একদিন পর ওই মাঠে ভাষণ দেয়ার কথা ছিল শেখ হাসিনার। ওই ঘটনায় কোটালীপাড়া থানার এসআই নূর হোসেন বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার কারামুক্তি দিবস গণতন্ত্রের মুক্তি দিবস

এ মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: ওয়াসিম আক্তার ওরফে তারেক ওরফে মারফত আলী, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে রাশেদুজ্জামান ওরফে শিমন খান, ইউসুফ ওরফে মোসাহাব মোড়ল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক ওরফে ওমর।

আদালত/আরএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *