নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল সাড়ে ৩টায় ভোট চলাকালে বনানী এলাকায় এ ঘটনা ঘটে। হিরো আলমকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সূত্রে জানা গেছে, বিকালে হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করার সময় কিছু ভক্ত তার সাথে সেলফি তোলেন।
ওই সময় কিছু লোক তাকে এসে বলেন, এটা টিকটক ভিডিও করার জায়গা না, এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী-এই বলে স্বতন্ত্র এই প্রার্থীকে মারধর শুরু করেন।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এসময় আশপাশে সবাই মারধরের দৃশ্য ভিডিও করলেও তাকে রক্ষায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।
একপর্যায়ে নিজেকে বাঁচাতে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকেন হিরো আলম। কিছু দূর যাওয়ার পর তিনি একটি রিকশায় উঠেন। এসময় দুজন তাকে সহযোগিতা করেন। এরপর রিকশা থেকে নেমে আবার তিনি দৌড়াতে শুরু করেন।
জানা গেছে, পরে হিরো আলম একটি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
হিরো আলম/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply