বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে

২১ মে ২০২২ (নিউজ ডেস্ক): গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আপাতত স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, কোভিড মহামারি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়েছে। একই সাথে শিপিং ও পরিবহন ব্যয় বাবদও বাড়তি অর্থ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যে কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিমুখী খাতের জন্য বিশ্ব বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হলে তা অর্থনীতির জন্য আত্মঘাতী হবে।

শনিবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিদ্যুতের প্রস্তাবিত ট্যারিফ বৃদ্ধির আবেদনে দাম বাড়ানোর অর্থনৈতিক প্রভাব পুরোপুরি বিশ্লেষণ করা হয়নি। যে কারণে বিইআরসি’র এই আবেদন আইন অনুযায়ী ত্রুটিপূর্ণ। তাই এই আবেদন বিবেচনা করা উচিত নয়। কোভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সাময়িকভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ কারণে বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক হবে না বরং বিদ্যুৎ খাতের তহবিল থেকে এ পরিস্থিতি মোকাবেলা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সরবরাহ মূল্য বর্তমান হারে বজায় রেখে বাড়তি ব্যয় সরকারি ভর্তুকির মাধ্যমে সমন্বয় করার প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি। এছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামগ্রিক ব্যবস্থাপনায় আমূল সংস্কার, অনিয়ম, অপচয়, অবৈধ সংযোগসহ যাবতীয় অপব্যবস্থার নিরসনের পদক্ষেপ নেয়ার আহ্ববান জানান তিনি।

বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এই সংকটময় মুহূর্তে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ ডলার সংকটের এই সময়ে স্থানীয় শিল্পের সক্ষমতা বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ালে বেশিরভাগ টেক্সটাইল কারখানা মুখ থুবড়ে পড়বে।

এফবিসিসিআই/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ