বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত তারিখেই হবে

২১ মে ২০২২ (নিউজ ডেস্ক): ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগের নির্ধারিত ২৭ তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় পিএসসির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করেছে।

সিলেটে বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। এর প্রেক্ষিতে পিএসসি’র পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। নির্ধারিত তারিখেই পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

পিএসসি সূত্র জানায়, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে সিলেট বিভাগেও ২৭ মে পরীক্ষা হবে। তবে পরিস্থিতি খারাপ হলে প্রথমে কেন্দ্র পরিবর্তনের চেষ্টা করবে পিএসসি। কেন্দ্র পরিবর্তন করেও কাজ না হলে সিলেট বিভাগ বাদ দিয়ে বাকি বিভাগগুলোতে ২৭ মে পরীক্ষা নেয়া হবে।

৪৪তম বিসিএসে মোট আবেদনকারী ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এবার আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পিএসসি/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ