০৫ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): স্টার জলসা, স্টার প্লাস-সহ সাতটি ভারতীয় চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তারা বলছে, যাদু ভিশন লিমিটেড দর্শক ও অপারেটরদের জিম্মি করে রেখেছে। অবস্থার উন্নতি ঘটাতে তারা সাতটি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর (বুধবার) থেকে স্টার গ্রুপের চ্যানেলগুলো সম্প্রচার বন্ধ রেখেছেন অপারেটররা।
তিনি বলেন, যাদু ভিশনের সাথে তৈরি হওয়া সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এসব চ্যানেল বন্ধ রাখা হবে।
এক প্রশ্নের জবাবে আনোয়ার পারভেজ বলেন, আমরা এসব চ্যানেল বন্ধ রাখার আহ্বান জানিয়েছি। আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ অপারেটরা চ্যানেলগুলো বন্ধ রেখেছে। এতে সারাদেশের অন্তত ৭৫ শতাংশ এবং ঢাকার প্রায় ৯০ শতাংশ দর্শক এসব চ্যানেল দেখতে পারছেন না।
তিনি বলেন, যে সব অপারেটর কোয়াবের সদস্য নয়, শুধু তারাই সম্প্রচার চালু রেখেছে। এ সংখ্যা খুব বেশি নয়।
উল্লেখ্য, বাংলাদেশে বিদেশি পে-চ্যানেলের পরিবেশক প্রতিষ্ঠান চারটি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হকের প্রতিষ্ঠান যাদু ভিশন লিমিটেড একটি। তারা গত ১০ বছর ধরে বাংলাদেশে স্টার প্লাস, স্টার জলসা, স্টার গোল্ড, ন্যাশনাল জিওগ্রাফি ও লাইফ ওকে চ্যানেলগুলোর পরিবেশকের দায়িত্বে রয়েছে।
যাদু ভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কুনাল দেশমুখ সাংবাদিকদের জানিয়েছেন, অল্প কিছু অপারেটর স্টার চ্যানেল বয়কটের নামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।
তিনি অভিযোগ করেন, কিছু কেবল অপারেটর নানা অজুহাতে বিপুল পরিমাণ বিল পরিশোধ করছে না। তারা নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময় অবাঞ্চিত কিছু বিষয় সামনে এনে আধিপত্য প্রমাণের চেষ্টা করে।
কুনাল দেশমুখ বলেন, আমরা বরাবরই সমস্যা সমাধানে আগ্রহী। কোন অপারেটর যদি বিল পরিশোধ করে এককভাবে বসে সমঝোতা করতে চায় তাহলে তাদের জন্য আমাদের দরজা সবসময়ই খোলা।
স্টার চ্যানেল/এএমএম/কিউটি
















Leave a Reply