১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস।
মঙ্গলবার দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ৫১ বছর বয়সী এই অলরাউন্ডারের অসুস্থতার বিষয়টি জানা যায়। খবর: এএফপি।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্যানবেরায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। এর আগে একাধিক অস্ত্রোপচারও হয়েছিল। সব মিলিয়ে অসুস্থতা বেড়ে প্রভাব পড়ে হৃৎপিণ্ডতেও। কিন্তু যেভাবে তিনি চিকিৎসায় সাড়া দেবেন বলে আশা করেছিলেন চিকিৎসকরা তেমনটা হয়নি। আর সেই কারণেই তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই সিডনির স্পেশাল হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে ক্রিসকে।
মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিস। দেশের জার্সিতে খেলেছেন ৬২টি টেস্টে এবং ২১৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টে তিন হাজারেরও বেশি এবং একদিনের ক্রিকেটে রয়েছে প্রায় পাঁচ হাজার রান। দুই ফরম্যাটেই ২০০’র বেশি উইকেট রয়েছে ক্রিসের ঝুলিতে। অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০০০ সালে উইসডেন ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন তিনি। ২০০৪-এ টেস্ট থেকে অবসর ঘোষণার সময় নিউজিল্যান্ড ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত হয়েছিলেন এই তারকা।
ক্রিস কেয়ার্নস/এসকেএম















