সর্বোচ্চ মৃত্যুর দিনে পৌণে ২ হাজার আক্রান্ত

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এই পর্যন্ত করোনায় মারা গেছেন ৬১০ জন। এর আগে ২৪ মে তারিখেও ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪৪ হাজার ৬০৮ জন রোগী রয়েছেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৬০ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৯৮৭টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৩০১টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৩১৪টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *