সারাদেশে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১৭ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বজ্রপাতে সারা দেশে নয় জন মারা গেছেন। শুক্রবার দিনভর দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া বৃষ্টির সময় এরা মারা যান।

এরমধ্যে ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ১৫ বছর বয়সী আবু সাইদ, ১৪ বছর বয়সী স্বাধীন ও শাওন মিয়া।

এছাড়াও জেলার সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: ৪০ বছর বয়সী আবু বাক্কার ও ৩০ বছর বয়সী জাহাঙ্গীর আলম।

সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি জানিয়েছেন, যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর নির্মাণকাজের এক নিরাপত্তাকর্মী বজ্রপাতে নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ী উপজেলায় মাছ ধরতে গিয়ে শাকিল আহমেদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাতটায় ১৫ বছর বয়সী শাকিল বজ্রপাতে মারা যায়।

আরও পড়ুন: ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

শেরপুর প্রতিনিধি জানান, নকলা উপজেলায় বজ্রপাতে প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শওকত আলী। ৩৫ বছর বয়সী শওকত কায়দা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।

এদিকে, ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে সজীব নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ১৮ বছর। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা শিল্প পার্ক এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।

বজ্রপাত/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *