১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লাইনচ্যুত হওয়া তেলবাহী কনটেইনার ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। প্রায় সাত ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার দিকে স্বাভাবিক হয়েছে এই পথে ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম রেল যোগাযোগ।
কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে আখাউড়া রেলজংশন স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও শায়েস্তাগঞ্জের শাহজীবাজারে আটকে থাকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস। ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মুকুন্দপুরে বগিটি লাইনচ্যুত হয়। মুকুন্দপুর রেলস্টেশনের মাস্টার সাইফুল ইসলাম বলেন, তেলবাহী কনটেইনার ট্রেনের ৬ নম্বর বগির সামনের দিকে দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেললাইনের স্লিপার ভেঙে যায়। স্লিপার বসানোর পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আখাউড়ার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী কনটেইনার ট্রেন সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন অতিক্রম করে। বিজয়নগর উপজেলার মুকুন্দপুর অংশে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা–সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ওসি বলেন, আখাউড়া রেলজংশন স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সাত ঘণ্টা কাজ শেষে তেলবাহী কনটেইনার ট্রেন উদ্ধার করে।
রেল চলাচল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply