০৪ মে ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রুপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ।
মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারী হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারী হাসপাতালে সব ধরনের পরিক্ষা-নিরিক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ঔষধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টস নিয়োগ দিতে হবে।
বিবৃতিতে জিএম কাদের বলেন, মহামারি করোনাকালে প্রমান হয়েছে উন্নত বিশ্বও সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই, দেশেই সুচিকৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশ যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারন মানুষের মৌলিক অধিকার।
জিএম কাদের/এসকেএম














