অনলাইনে নভেল করোনা ভাইরাস, কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের আয়োজন করেছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি। এর আগে রাজধানী ঢাকায় এমন আয়োজন হয়েছিল। এবার প্রশিক্ষণ হবে ঢাকার বাইরের অন্যান্য বিভাগীয় পর্যায়ে।
প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে এই কর্মশালার আয়োজন করা হয়েছে যা আগামী ২২ জুন (সোমবার) বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
বিভাগীয় পর্যায়ে অনলাইনে এই স্বেচ্ছাসেবী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হয়। এবারে চট্রগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের আরো ১০০ জন এই অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
কর্মশালা সম্পর্কে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বললেন, করোনা ভাইরাসের কারণে জীবনে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে এবং কর্মক্ষেত্রে হাইজিন ও সেফটি নিশ্চিত করতে এই অনলাইন প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে।
তিনি বলেন, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা মাস্টার ট্রেইনার হিসেবে আরও অনেককে প্রশিক্ষণ দিতে পারবেন। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা মোকাবেলায় কার্যক্রমে কার্যকরী ভূমিকা রাখবে।
















Leave a Reply