নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
শনিবার দুপুরে হাতিয়ার ট্রলার মালিক সমিতির সদস্য লুৎফুল্লাহিল নিশান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝোড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে হাতিয়ার মোট ১৯টি ট্রলার ডুবে গেছে। অনেকে ট্রলারডুবির সময় পার্শ্ববর্তী ট্রলারগুলোর সহযোগিতায় কূলে উঠেছেন। এখনও অনেকে নিখোঁজ আছেন।
নিঝুম দ্বীপ ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন, নামার বাজার এলাকার চারটি ট্রলার ডুবে গেছে। কেউ কেউ পাড়ে উঠে আসতে পারলেও অনেকেই এখনও উঠতে পারেননি। নিখোঁজ জেলের বাড়িতে কান্নাকাটি চলছে।
জানা যায়, কোনও সতর্ক সংকেত ছাড়াই হঠাৎ নদী উত্তাল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। জেলেরা নিজেদের খবর দিতে পারছেন না আবার পরিবারও তাদের খবর নিতে পারছে না।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার সার্জেন্ট হেলাল উদ্দিন বলেন, যারা খবর দিতে পেরেছেন আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি স্থানীয় কিছু ট্রলার গিয়ে উদ্ধারকাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মিল্টন চাকমা বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ১৪টি ট্রলারডুবির খবর আছে। বিভিন্ন ঘাট থেকে লোকজন মোবাইলফোনে ট্রলারডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। এছাড়াও নৌ পুলিশ ও কোস্টগার্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।
ট্রলাডুবি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply