ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু

০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): পাবনার সুজানগরে ট্রাকচাপায় বাবা ও মেয়ের নিহত হয়েছেন।

শুক্রবার সকালে পাবনা-সুজানগর মহাসড়কের তারাবাড়িয়া হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সদর উপজেলার চরআশুতোষপুর গ্রামের সলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন ও তার সিনহা।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী নাসরিন বেগমও গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতলে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সকালে মোটরসাইকেলে করে মাকিগঞ্জ শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন। সকাল সাড়ে ১০টার দিকে পাবনা-সুজানগর মহাসড়কের তারাবাড়িয়া হাটের কাছে পৌঁছান।

সেখানে মহাসড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। আর পাশে স্ত্রী ও মেয়ে দাঁড়িয়েছিল।

এ সময় বালু বহনকারী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালেই আলমগীর হোসেন ও তার মেয়ে সিনহা নিহত হন। গুরুতর আহত হন নাসরিন বেগম।

পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম