যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

০৩ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে মালবাহী ছাড়া যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

শনিবার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের কারণে সোমবার থেকে সারাদেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

এর আগে সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, করোনা সংক্রমণ রোধে আবারও লকডাউনের ঘোষণা আসছে। তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার থেকে সারা দেশ একযোগে লকডাউন দেয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

লকডাউন/এসকেএম