১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা জরুরী বৈঠক করেছেন। চট্টগ্রামের হাটহাজারি মাদরাসা থেকে তারা অনলাইনে এই বৈঠক করেন। হেফাজতে ইসলামের বিতর্কিত যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গ্রেফতার হওয়ার পর তারা জরুরীভিত্তিতে এই বৈঠক করে।
রবিবার ইফতারের পর এই বৈঠক হয়। হাটহাজারি মাদরাসায় এ বৈঠক হয়েছে বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বৈঠকের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকে হেফাজতে ইসলামের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে জাকারিয়া নোমান ফয়েজী এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বৈঠকে কি আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে তা পরে জানানো হবে বলে তিনি এড়িয়ে যান।
অবশ্য মাওলানা মামুনুল হকসহ দেশের বিভিন্ন স্থান থেকে আটক হওয়া নেতাকর্মীদের সম্পর্কে তিনি কথা বলেন। জানান, হেফাজতের চলমান এই সংকট রাজপথে মোকাবেলা করা হবে না। আইনিভাবে তা মোকাবেলা করা হবে। সংগঠনের শীর্ষ নেতারা এমন পরিকল্পনাই গ্রহণ করেছেন বলে জানান এই নেতা।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেহাদের ডাক দিয়ে নারকীয় পরিস্থিতি তৈরি করে। বিশেষ করে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। এ ঘটনায় দেশের কয়েকটি জেলায় একাধিক মামলা হয়। এসব মামলায় ইতোমধ্যেই হেফাজতে ইসলামের কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন।
এছাড়া মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নারীসহ স্থানীয় জনতা পাকড়াও করে। পরে মামুনুল দাবি করেন তিনি হেফাজতের আরেক নেতা শহীদুলের স্ত্রী ঝর্ণাকে বিয়ে করেছেন।
অন্যদিকে, কথিত শিশুবক্তা বামন রফিকুল ইসলাম মাদানিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর তার মোবাইল ফোনে কুরুচিপূর্ণ ভিডিও ক্লিপ পাওয়া যায়। এতেও হেফাজতের মাঠ পর্যায়ের কর্মীসহ দেশবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
হেফাজত/আরএম/রমু















Leave a Reply