২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের চারতলায় পরিবার নিয়ে থাকতেন ইব্রাহিম-সুফিয়া দম্পতি। এক অগ্নিকাণ্ডে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ। সবাইকে হাসপাতালে নিলেও মারা গেছেন ছোট মেয়ে সুমাইয়া সরকার। তার বয়স হয়েছিল ২০ বছর। সুমাইয়া ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মোহাম্মদ ইব্রাহিম সরকারের পরিবার। তার স্ত্রী সুফিয়া সরকার সবাইকে সেহরির জন্য ঘুম থেকে ডেকে তুলছিলেন। ঠিক সেহরি খাওয়ার সময় হঠাৎ চারদিকে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।
ইব্রাহিম তার স্ত্রী সুফিয়া, তাদের ছেলে জুনায়েদ, বড় মেয়ে ইসরাত জাহান মুনা ও মুনার স্বামী আশিকুর রহমান সবাই আগুন দেখে বারান্দায় চলে আসেন।
কিন্তু ইব্রাহিম-সুফিয়া দম্পতির ছোট মেয়ে সুমাইয়া সরকার সেসময় বাথরুমে ছিলেন। সবার ডাকাডাকির পরে সুমাইয়া বাথরুম থেকে বের হয়েই ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফারুক নামে তাদের পরিবারের এক আত্মীয় জানান, মুনা ও তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিরা দগ্ধ হননি। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। নিহত সুমাইয়ার মরদেহ মিটফোর্ড হাসপাতালে আছে। সেখান থেকে আজ রোববার সোনারগাঁওয়ে গ্রামের বাড়িতে দাফন করা হবে। তবে বিদায়বেলায় মেয়েকে দেখতে পারবেন না ইব্রাহিম সরকারের পরিবারের কেউ।
ফারুক জানান, ইব্রাহিমের বড় মেয়ে ইসরাত জাহান মুনা ও তার স্বামী আশিকুর রহমানের বিয়ে হয়েছে মাত্র দেড় মাস আগে। এই নবদম্পতি এখন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। মুনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর আশিকুর বুয়েটে পড়াশোনা করছেন।
অগ্নিকাণ্ড/এসকেএম















