৫ জুন ২০২১ (নিউজ ডেস্ক): ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগ ও ব্যবসা-বান্ধব হিসেবে আখ্যায়িত করেছে এফবিসিসিআই। বলেছে, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে এবারের বাজেট সার্বিকভাবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব হয়েছে। তবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করছে সংগঠনটি।
শনিবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এসব কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা নেয়া হয়েছে বজেটে। তিনি বলেন, বাজেটে বিদ্যুৎ, জ্বলানি ও যোগাযোগসহ নানা অবকাঠামো উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান প্রক্রিয়াকে গতিশীল করবে।
তিনি বলেন, বিনিয়োগ সম্প্রসারণ ও দেশীয় শিল্প বিকাশে করপোরেট কর হার কমানোর পাশাপাশি ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই-লার্নিং, ই-বুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেভেলপমেন্ট সার্ভিস ও আইটি ফ্রিল্যান্সিং সেবার আয়কে ২০২৪ সাল পর্যন্ত কর অব্যহতি দেয়া হয়েছে। একইসাথে মেইড ইন বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠায় অটোমাবাইল থ্রি হুইলার ও ফোর হুইলার উৎপাদনকারী কোম্পানি, গৃহস্থালী সরঞ্জাম ও কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্পে ১০ বছরের কর অব্যাহতি দেয়া হয়েছে। এতে দেশীয় শিল্পের বিকাশ ও বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে উন্নতি হবে বলে।
জসিম উদ্দিন মনে করেন, নারী উদ্যোক্তাদের করমুক্ত টার্নওভার ৭০ লাখ টাকা করা, ক্ষুদ্র ও মাঝারি খাতের শিল্প যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় অত্যন্ত ভাল উদ্যোগ। তবে তিনি করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের দিকে সরকারের আরও নজর দেয়ার প্রস্তাব দেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, তিনি বলেন, ব্যবসার খরচ বাড়িয়ে দেওয়ার কারণে অগ্রিম আয়কর ৫ শতাংশ ও ভ্যাটের আগাম কর ৪ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছিল এফবিসিসিআই। বাজেটে আগাম কর ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে এবং অগ্রিম আয়কর সর্বোচ্চ ২০ শতাংশ আরোপ করা হবে। এতে ব্যবসা বাণিজ্য কঠিন হবে এবং ব্যবসা পরিচালনা ব্যয় বহুগুন বাড়বে।
জসিম উদ্দিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উপর ১৫ শতাংশ আয়কর প্রত্যাহার এবং ৩ কোটির বেশি আয়ের ক্ষেত্রে কর হার কমিয়ে দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করেন।
এফবিসিসিআই/এএমএম/কিউটি













