০৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রানী ও মিনা রানী নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হতাহতের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানও হয়েছে। এবং রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।
ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (নারায়ণগঞ্জ-১) আব্দুল্লা আল আরিফিন জানিয়েছেন, এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ছয়তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক-কর্মচারী আটকা পড়েছেন বলেও জানা গেছে।
অগ্নিকাণ্ড/এসকেএম















