২৮ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, অস্ট্রেলিয়া): করোনা সংক্রমণ না কমায় অস্ট্রেলিয়ার সিডনি শহরে চলমান বিধিনিষেধ আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ লকডাউন।
করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় গত জুন মাসের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। পরে তা কয়েক ধাপে বাড়ানো হয়। চলমান লকডাউন আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। সংক্রমণ না কমায় ফের তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।
এদিকে সংক্রমণের হার কমে আসার কারণে বুধবার থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে।
এর আগে লকডাউন তুলে নেয়ার দাবিতে গত শনিবার সিডনি শহরে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। মেলবোর্ন ও ব্রিসবেন শহরেও হয় বিক্ষোভ। এ সময় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীদের লকডাউন বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২২ জনের।
তবে দেশটিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে মূলত টিকাদানের ঘাটতিকে। দেশটিতে করোনার টিকা পেয়েছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।
লকডাউন/এসকেএম















