৩১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): গার্মেন্টসসহ সব শিল্প কারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আজ শনিবার রাত থেকেই আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চসহ যাত্রীবাহী সব নৌযান চলাচল করবে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ–এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, পয়লা আগস্ট থেকে শিল্প কলকারখানা চালু হচ্ছে। তাই শ্রমিকদের যাতায়াতের কথা বিবেচনা করে নৌপথে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। পরে ঈদুল আযহা উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে শিথিল করা হয় ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত।
একইসাথে ২৩ দফা নির্দেশনা দিয়ে ঈদের তৃতীয় দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। যা এখনও চলমান। এই সময়ে সবকিছু বন্ধ থাকবে বলেও জানানো হয়। গণপরিবহণ, লঞ্চ, ট্রেন বন্ধ রাখা হয়।
লকডাউন/এসকেএম















