সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে দেশ এগিয়ে যাচ্ছে

০৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এমনটাই বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, কোন সম্প্রদায়কে পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে পর্যাপ্ত পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৩তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মূলনীতি যুক্ত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি প্রস্তর করে গেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়সমূহের কল্যাণ ও নিরাপত্তা বিধানের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি সভ্য দেশ হিসেবে গড়ে তুলতে বন্ধ পরিকর। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রস্তাবিত ‘প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া শুরু করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিমন্ত্রী নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিগণকে বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে আরও বেশী নিবেদিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনের আহ্বান জানান। তাহলে দেশের সামগ্রিক উন্নয়নে বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারীরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্বলিত একটি পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়।

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান-২ আরমা দত্ত, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টি মোহাম্মদ নূরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রূপনা চাকমা, মং ক্য চিং চৌধুরী, রঞ্জন বড়ুয়া, জয়সেন তঞ্চঙ্গ্যা, জ্যোতিষ সিংহ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদারসহ অন্যরা অংশগ্রহণ করেন।

এর আগে নবগঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিবৃন্দ বোর্ডের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

ফরিদুল হক খান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *