পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে বাঁচাবে

২৪ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধতা পৃথিবীকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখতে সহায়ক হবে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশ গবেষক ডক্টর হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ফ্রেন্ডস অব আর্থ এবং মিস আর্থ বাংলাদেশ দুইটি পরিবেশ বান্ধবতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি একথা বলেন। রোটারি ইন্টারন্যাশনাল এবং ট্রিপল নাইন গ্লোবাল সংস্থা দুইটি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী এ সময় আয়োজকদের ধন্যবাদ এবং সম্মাননায় ভূষিতদের অভিনন্দন জানিয়ে  বলেন, মানব সম্প্রদায়ের একমাত্র ধারক এই পৃথিবী গ্রহকে বাঁচিয়ে রাখতে তার প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিকল্প নেই। এই কাজে প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।

ডক্টর হাছান বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীরা সরাসরি প্রকৃতি ও পরিবেশের সাথে সম্পৃক্ত। পরিবেশের ক্ষতিতে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হন। তাই এক্ষেত্রে নারীদের সচেতনভাবে এগিয়ে আসার বিকল্প নেই।

রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে মিস আর্থ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর নায়লা বারী ও প্রধান উপদেষ্টা নোমান রবিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ গবেষক ডক্টর এ আতিক রহমান।

অনুষ্ঠানে পাটের আঁশ থেকে পলিথিনের বিকল্প আবিস্কারক ডক্টর মোবারক আহমেদ খান, প্রকৃতি ও জীবন সংগঠনের কর্ণধার আব্দুল মুকিত মজুমদার, আবদুল্লাহ আবু সাঈদ, রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর মোতাসিম বিল্লাহ ফারুকী, পরিবেশ রক্ষা সংগঠক নায়লা বারী এবং ডক্টর এস আই খানকে ফ্রেন্ডস অব নেচার এবং উম্মে জমিলাতুন নাইমাকে প্রথম মিস আর্থ বাংলাদেশ ২০২০ সম্মানে ভূষিত করেন অতিথি ও আয়োজকরা।

তথ্যমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *