১৭ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ব্রিটিশ সংসদ সদস্য স্যার ডেভিড অ্যামেস হত্যাকাণ্ডে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এ সংসদ সদস্যকে ছুরি মেরে হত্যার ঘটনায় ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে সন্ত্রাসবাদ আইনের অধীনে আটক করা হয়েছে। খবর: বিবিসি।
সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি ৬৯ বছর বয়সী অ্যামেস শুক্রবার দুপুরে লে-অন-সি মেথোডিস্ট গির্জায় ভোটারদের সাথে বৈঠক করার সময় এক ব্যক্তির ছুরি হামলার শিকার হন।
স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পুলিশ হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এমপি ডেভিড অ্যামেসকে আহত অবস্থায় পায়। সাথে সাথে জরুরি চিকিৎসা দেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
পুলিশ জানিয়েছে, ব্রিটিশ নাগরিক আলী সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে লন্ডনের একটি থানায় আটক আছেন। কর্মকর্তারা ২২ অক্টোবর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবেন।
প্রথম খুনের সন্দেহভাজন হিসেবে আলীকে আটক করা হয়েছিল, কিন্তু পরে শুক্রবার রাতে তাকে সন্ত্রাসবাদ আইনে আটক করা হয়।
শনিবার ম্যাজিস্ট্রেটরা আলীকে ২২ অক্টোবর, শুক্রবার পর্যন্ত হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন গোয়েন্দাদের।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হামলায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়েছে।
অ্যামেস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপির দায়িত্ব পালন করছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পার্লামেন্টে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।
ডেভিড অ্যামেস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply