বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

২২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বেগম জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপি’র দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডক্টর হাছান মাহমুদ, একজন দণ্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামীকে বিদেশ পাঠানোর রাজনৈতিক উদ্দেশ্যর যে দাবি সেটি সরকারের মানার কোনও সুযোগ নেই। তবে বেগম জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় সব চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড হতে পারে। সেই বোর্ড পরামর্শ দিতে পারে।

তিনি বলেন, বেগম জিয়া আগেও অসুস্থ হয়েছিলেন। তখনও বিএনপি ধুঁয়া তুলেছিল যে, বেগম জিয়াকে অবশ্যই বিদেশ পাঠাতে হবে। নইলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে তখনও আমাদের দেশে চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন। তখনকার মতো এখনও তারা একই ধুঁয়া তুলছেন। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণে নয়, এই পুরও দাবিটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপি’র এমপিদের পদত্যাগের সম্ভবনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা সব মিলিয়ে ৬ জন সংসদ সদস্য। তাদের বক্তব্যে মনে হচ্ছে যে, দেশে আর কোনও সমস্যা নিয়ে তারা চিন্তিত নয়। দেশে আর কোনও সমস্যা নেই। বেগম জিয়ার স্বাস্থ্যটাই একমাত্র সমস্যা, এটি নিয়েই তারা ব্যস্ত আছে।

বিএনপি’র সরকার পতনের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, প্রথমত বহুবার তারা এ ধরণের দাবি করেছেন। মাঝে মধ্যে বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছেন। এবার যদি এ ধরণের বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করা হয়, জনগণ সেটি কঠোর হস্তে প্রতিহত করবে। সরকার জনগণের সাথে থাকবে।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *