২৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে। কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না।
রোববার বিকেলে সংসদ ভবনে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
‘দেশের মালিকানা জনগণের কাছ থেকে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের। এ মালিকানা জনগণের হাতেই আছে।
তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না। তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। নিজ দলে গণতন্ত্র না থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছে।
তিনি বলেন, বিএনপি মুখে গণতান্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে তারা গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোন ভূমিকা রাখতে পারেনি।
এদেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply