হতাশায় দিন শেষ বাংলাদেশের

৯ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): এবারের সফরের আগে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুলদের আট উইকেটের ঐতিহাসিক জয়ে ছবিটা বদলে গেল। দুর্দান্ত এই জয় বাংলাদেশকে দাঁড় করিয়ে দিয়েছে আরেকটি ইতিহাসের সামনে।

রোববার ভোরে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নেমেছে সিরিজ জয়ের লক্ষ্যে।

কিন্তু মাঠের লড়াইয়ে আজ প্রথমদিনে সেই সুবাস পেল না টাইগাররা। রানের পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। দিনের খেলা শেষে ১ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করেছে কিউইরা।

ডাবল সেঞ্চুরির পথে অধিনায়ক টম ল্যাথাম। অন্যদিকে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে রয়েছেন ডেভন কনওয়েও। এক ছক্কা ও ১০ বাউন্ডারিতে ১৪৮ বল মোকাবেলা করে ৯৯ রান করেছেন।

মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ কিউই ব্যাটসম্যান। দ্বিতীয় দিনে ব্যাট হাতে নেমেই তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারেন তিনি। নিউজিল্যান্ডের দুর্দান্ত এই ব্যাটসম্যান মাত্র ৪ টেস্টেই দুটি শতক হাঁকিয়েছেন ইতোমধ্যে।

আজ বাংলাদেশ দলের একমাত্র সফল বোলার পেসার শরিফুল ইসলাম। ৫৪ রানে ব্যাট করতে থাকা ওপেনার উইল ইয়ংকে ফিরিয়েছেন তিনি। মেডেন পেয়েছেন ৬টি।

গত টেস্টে ইতিহাস গড়া বোলার ইবাদত আজ তেমন সুবিধাই করতে পারেননি। ২১ ওভার করে ১১৪ রান দিয়েছেন। তাকে ওয়ানডে মেজাজে খেলেছেন কিউই ব্যাটসম্যানরা। সেই তুলনায় তাসকিন ভালো বল করেছেন। ২২ ওভারে দিয়েছেন ৬৮ রান। ৫টি মেডেনও পেয়েছেন।

কিউই ইনিংসের বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার রূপকার অধিনায়ক ল্যাথাম। ব্যাট হাতে নেমেই বাংলাদেশি পেসারদের ওপর চড়াও হন তিনি। ২৭৮ বল খেলে ১৮৬ রানে অপরাজিত তিনি। ২৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন ইতোমধ্যে।

ক্রিকেট/এসকেএম 

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ