নিখোঁজের তিনদিন পর নদী থেকে লাশ উদ্ধার

২৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, মানিকগঞ্জ): নিখোঁজের তিন দিন পর মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী থেকে শামসুর রহমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার পূর্ব মকিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ৫০ বছর বয়সী শামসুর রহমানের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে। তার স্ত্রী ও ছেলে সৌদি আরবে থাকায় তিনি স্থানীয় চরমত্ত গ্রামে মেয়ের বাড়িতে থাকতেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে সদর উপজেলার চরমত্ত গ্রামে মেয়ে সাবিনা আক্তারের বাড়ি থেকে বের হন শামসুর রহমান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি তাকে। আজ সোমবার  সকাল ৯টার দিকে পূর্ব মকিমপুর এলাকার একটি সেতুর নিচে ধলেশ্বরী নদীর তীরে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে শামসুরের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, নিহত ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে অপমৃত্যুর মামলার প্রন্তুতি চলছে।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *