বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯ জেব্রার রহস্যজনক মৃত্যু

২৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন সপ্তাহে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। ঝুঁকিতে রয়েছে গর্ভবতী আরও ৯ জেব্রা। জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষে।

জেব্রাগুলোর মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখার জন্য মঙ্গলবার পার্ক অভ্যন্তরে বিশেষজ্ঞদের বৈঠক বসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল কবির জানান, জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্কসংশ্লিষ্ট লোকজনের সমন্বয় বৈঠক বসবে।

জানা যায়,  চলতি বছরের ২ জানুয়ারি থেকেই হঠাৎ একের পর এক মারা যাচ্ছে জেব্রা। ২৪ জানুয়ারি সোমবার পর্যন্ত মোট ৯টি জেব্রা মারা যায়। পার্কটিতে ৩১টি জেব্রা ছিল। ৯টির মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ২২টিতে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার এ বিষয়ের ওপর বিশেষজ্ঞরা বৈঠক করবেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার পর পাওয়া ফল বিশ্লেষণ করা হবে। এর পর জানা যাবে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ। তবে পার্কে থাকা গর্ভবতী ৯টি জেব্রা ঝুঁকিতে রয়েছে। গর্ভবতী জেব্রাগুলোকে বিশেষভাবে পরিচর্যা করা হচ্ছে।

জানা যায়,  ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে বাঘ, সাদা বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ, ক্যাঙ্গারু, কালো ভাল্লুক, সাম্বার, গয়াল, হাতিসহ প্রচুর প্রাণী ও পাখি আনা হয়। তবে গত ৮ বছরে বাঘ, জিরাফ, ক্যাঙ্গারু, জেব্রাসহ বিভিন্ন প্রাণীর মৃত্যু হয়েছে। মারা গেছে দুর্লভ কিছু পাখি। দেশের বিভিন্ন জায়গা থেকে চোরাকারবারিদের কাছ থেকে উদ্ধার ও দেশীয় বনাঞ্চল থেকে বিভিন্ন সময়ে উদ্ধার প্রাণী ও পাখির বেশিরভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসেছে।

সাফারি পার্ক/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *