অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ

১৫ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): ভাষা আন্দোলনের চেতনায় ঋদ্ধ অমর একুশে বইমেলা ২০২২ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। করোনা মহামারির কারণে ফেব্রুয়ারির শুরু থেকে মেলা আরম্ভ হয়নি। আজ বিকেল তিনটায় মেলা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলা–২০২২ উপলক্ষে বাংলা একাডেমি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত মেলা হবে। এর মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলার মেয়াদ বাড়তে পারে। এখন দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। প্রকাশকদের কাছ থেকেও স্টল বরাদ্দের ভাড়া অর্ধেক নেয়া হয়েছে।

সংস্কৃতিসচিব আবুল মনসুর বলেন, মেলায় স্বাস্থ্যবিধি মানতে হবে। একাডেমির কর্মকর্তা–কর্মচারী, প্রকাশক এবং স্টল–সংশ্লিষ্টদের টিকার সনদ থাকতে হবে। যারা খাবারের দোকানে যাবেন, তাদেরও টিকার সনদ থাকতে হবে। মেলায় সার্বক্ষণিক একটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে।

মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, এবার মেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।’ উদ্বোধনী অনুষ্ঠানে ২০২১ সালের বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ও একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। তবে প্রবেশ করা যাবে রাত সাড়ে আটটা পর্যন্ত। ছুটির দিনে মেলার দরজা খুলবে বেলা ১১টায় এবং একুশে ফেব্রুয়ারিতে সকাল আটটায়।

এবার মেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ ইউনিট স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ৬৩৪টি স্টল। প্যাভিলিয়ন রয়েছে ৩৫টি। উদ্যান অংশে পুরো মেলায় প্যাভিলিয়নগুলো ছড়িয়ে দেয়া হয়েছে।

বইমেলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *