৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল তিন আরোহী নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু ছিলেন।
শনিবার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় আগরতলা-সুলতানপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- জেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা ২৫ বছর বয়সী এনামুল ইসলাম, ২৭ বছর বয়সী দাতিয়ারার নাজিম ভূঁইয়া ও আশুগঞ্জ উপজেলার বগইরের ২৫ বছর বয়সী নাজেল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু আগরতলা-সুলতানপুর সড়ক দিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। সড়কের সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম ভূঁইয়া ও নাজেল হোসেন নিহত হন। তিনজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। আহত এনামুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে গতকাল রাত দুইটার দিকে মারা যান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গতকাল রাত ৮টার দিকে দুজন নিহত হন। তাদের সাথে থাকা আরেকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply