৯ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): কয়েকটি কারণে বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। তিনি বলেন প্রথমত, বিএনপি তাদের সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আরেকটি বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আদালতে দন্ডপ্রাপ্ত আসামী হওয়ায় তারা দু’জন নির্বাচনে অংশ নিতে পারবেন না। এসব কারণে নির্বাচন নিয়ে তাদের কোনও আগ্রহ নেই এবং তারা দলকেও নির্বাচনমুখী করতে চায় না।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদের বিডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভায় বক্তৃতার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে না। তারা ক্ষমতায় গিয়ে শুধু নিজের আখের গোছানোর রাজনীতি করেছে। বিএনপির এই কৌশল বাংলাদেশের মানুষ বুঝে গেছে। তাই বিএনপিকে জনগণ তাদের রাজনীতি থেকে বিতাড়িত করেছে। এদেশের জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না, দেশকে লুটপাটের স্বর্গরাজ্য, দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর জঙ্গিরাষ্ট্রও বানাতে চায় না। তাই আওয়ামী লীগ নয় জনগণই বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে।
দ্রব্যমূল্য নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্য সম্পর্কে ডক্টর হাছান মাহমুদ বলেন, মির্জা আলমগীর সাহেব যে অভিযোগগুলো উপস্থাপন করছেন সেটি জনগণকে বিভ্রান্ত করার জন্য। করোনা এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে অনেকগুলো পণ্যের মূল্য বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। একইসাথে যাতে স্বল্প আয়ের মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবির আওতা বাড়িয়ে কোটি কোটি মানুষকে স্বল্পমূল্যে পণ্য দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা অনেক সময় এমন পরিস্থিতির সুযোগ নেয়। সেজন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করে দেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেক কুরাইশীর।
সাকিব আল হাসান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply