২১ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাকোয়াবিপাড়ার মৃত নাছির উদ্দিন বাবুর ছেলে ২৬ বছর বয়সী হারুনুর রশিদ, চুনতি ইউনিয়নের মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার আবদুল মাজেদের ছেলে ২৫ বছর বয়সী হুমায়ুন, সাতকানিয়া পৌরসভার ছমদারপাড়া নওশের আলীর ছেলে ৩০ বছর বয়সী খোরশেদ আলী সাদ্দাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের ফারুক জাহানের ছেলে ২৪ বছর বয়সী রিজবী শাকিব ও অলংকার শহীদনগর এলাকার ছালামত আলীর ছেলে ২৩ বছর বয়সী মনসুর আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কক্সবাজারমুখী প্রাইভেটকারটি (চট্টমেট্রো-গ-১১-০০৫২) আধুনগর ইউপির কার্যালয়সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পৌঁছায়। এ সময় বিপরীতমুখী ট্রাকের (চট্টমেট্রো-ট-১২-০৩১৫) সঙ্গে ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হন।
এরপর গুরুতর আহত হুমায়ন চমেক হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। দুর্ঘটনায় পতিত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজারের সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি জানান, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি ও নিহতদের উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply