১৯ এপ্রিল ২০২২ (স্পোর্টস ডেস্ক): জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল মারা গেছেন। প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন জাতীয় দলের এ বাঁহাতি স্পিনার। তার বয়স হয়েছিল ৪০ বছর।
মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের বাইরে গিয়ে কেমোথেরাপিসহ জটিল সব চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
গত মাসের মাঝামাঝি শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চারদিন আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়াও পান রুবেল। কিন্তু সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার।
২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে।
মোশাররফ রুবেল জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৪ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৬ রান সংগ্রহ করেন।
ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাওয়া রুবেল প্রথম শ্রেণির ১১২ ম্যাচে অংশ নিয়ে ৩৯২ উইকেট শিকার করেন। এছাড়া ব্যাট হাতে দুই সেঞ্চুরি আর ১৬টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৩০৫ রান সংগ্রহ করেন।
লিস্ট ‘এ’ ১০৪ ম্যাচে অংশ নিয়ে ১২০ উইকেট শিকার করেন। ব্যাট হাতে ৮ ফিফটির সাহায্যে ১ হাজার ৭৯২ রান সংগ্রহ করেন। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫৬ ম্যাচে অংশ নিয়ে ৬০ উইকেট শিকারের পাশাপাশি ৬২ রান করেন।
উল্লেখ্য, মোশাররফ হোসেন রুবেল ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মৃত্যুতে বন্ধুদের মাঝে শোক নেমে এসেছে। ১৯৯৭ সালে এসএসসি উত্তীর্ণদের ফেসবুক গ্রুপ “সমমনা ৯৭” এর ক্রিয়েটর অ্যাডমিন এবং আর্ট নিউজের সম্পাদক কাজী তামান্না তৃষা বন্ধুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মোশাররফ রুবেল/এসকেএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply