বগুড়ায় সাড়ে পাঁচ হাজার লিটার তেল জব্দ

১৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): বগুড়ার শেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটারের বেশি সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এ অভিযান পরিচালনা করেন এবং জব্দ তেল নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করেন।

জানা যায়, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে মঙ্গলবার দিনব্যাপী সয়াবিন তেল ও পাম ওয়েলের মজুদ যাচাই এবং মূল্য যাচাই করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।

এ সময় পৌর শহরের কর্মকারপাড়ার দুই ভাই ট্রেডার্সের গোডাউনে ৫৬৭৬ লিটার পূর্ব মূল্যের বোতলজাত তেল পাওয়া যায়। যা সাম্প্রতিক সময়ে মজুদ করা হয়েছিল। তাই তেলগুলো দুই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারীকে শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ভোক্তাদের মাঝে বোতলজাত তেলের গায়ে উল্লিখিত মূল্য অনুসারে বিক্রয়ের নির্দেশ দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় তেল মজুদ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তাই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তেল জব্দ করে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেয়া হচ্ছে।

ভোজ্যতেল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *