নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে কাজ করছে সরকার

১৮ মে ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের সব মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এমনটাই বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।

বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর উদ্যোগে আয়োজিত ‘সবার জন্য সর্বদা সর্বত্র পানি, স্যানিটেশন স্বাস্থ্যকর পরিবেশ’ শীর্ষক সম্মেলনের সেক্টর মিনিস্টার মিটিংয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে একটি কৌশলপত্র তৈরি করেছে।

মন্ত্রী বলেন, ২০২০-২০২৩ সালের জন্য প্রস্তুত করা কৌশলটি আমাদের কোভিড-১৯ সময়কালে এবং পরবর্তী সময়ে দেশের জনগণকে ব্যাপক সাহায্য করছে।

শাহাব উদ্দিন বলেন, সরকার জনসংখ্যার ৯৮ শতাংশকে উন্মুক্ত মলত্যাগ মুক্ত স্যানিটেশন এবং মৌলিক পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে। স্যানিটেশন এবং পানি নিশ্চিত করার জন্য নয়টি   প্রতিশ্রুতির মধ্যে চারটি সরকার এবং পাঁচটি নাগরিক সমাজ বাস্তবায়ন করছে। পানি, স্যানিটেশন এবং হাইজিনের জন্য আমাদের বিনিয়োগ দশ বছরে তিনগুণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ৫৫টি দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের (সিভিএফ) চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ জাতীয়ভাবে নির্ধারিত অবদান, এবং দীর্ঘমেয়াদী ডেল্টা প্ল্যান-২১০০, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা প্রণয়ন করেছে যাতে দুর্বলতাকে সমৃদ্ধিতে পরিণত করা যায়।

তিনি বলেন, আমাদের স্ব-অর্থায়নকৃত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের লক্ষ লক্ষ দুর্বল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা বাঁচাতে ৮শ’ টি প্রকল্প গ্রহণ করতে সক্ষম হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা আমাদের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে জনগণকে একটি উন্নত জীবন প্রদান করতে সক্ষম হয়েছি।

পরিবেশমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *