১৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): সিলেট-সুনামগঞ্জসহ দেশের ১১ জেলায় বানভাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২শ’ মেডিকেল টিম কাজ করছে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী দুইদিনব্যাপী এসটিএইচ সামিট ২০২২ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় আক্রান্ত জেলাগুলোতে জরুরি স্বাস্থ্যসেবার জন্য ২০০টি মেডিকেল টিম কাজ করছে। আরও আমাদের চার হাজার মেডিকেল প্রস্তুত রয়েছে।
জাহিদ মালেক বলেন, সিলেট অঞ্চলের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিকূল পরিবেশ থাকলেও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, ওষুধ ও সাধ্য অনুযায়ী খাদ্য পাঠানো হচ্ছে।
তিনি বলেন, সিলেটসহ কয়েকটি জেলা ব্যাপক বন্যার কবলে পড়েছে। কিছু কম আর কিছু বেশি। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের অবস্থা সবচেয়ে খারাপ। এজন্য ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে কন্ট্রোল রুম করা হয়েছে। স্থানীয়ভাবেও করা হয়েছে। আমাদের ডাক্তার নার্সসহ অন্যরাও সেবা দিচ্ছে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীদের মধ্যে যারা যোগাযোগ-বিচ্ছিন্ন তাদের খাবার ও জরুরি অন্যান্য সহায়তা পাঠানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরি, স্বাচিপ সভাপতি ডাক্তার এম ইকবাল আর্সলান, সাধারণ সম্পাদক ডাক্তার এম এ আজিজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply