নির্বাচন কমিশন নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে

২৫ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে দেড়শো আসনে ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্তে নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, এখনও দেশের নিরক্ষর ও স্বল্পশিক্ষিত মানুষ প্রার্থীর নাম পড়তে পারে না। সাধারণ মানুষ প্রতীক দেখে নির্বাচনে ভোট দেয়। অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মনে করছে ইভিএম হচ্ছে, ভোট কারচুপির মেশিন। তাই রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচনে ইভিএম চায় না। এমন বাস্তবতায় ইভিএম-এ ভোট নেয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমুলক। সাধারণ মানুষের ধারণা, কোন একটি রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতেই কাজ করছে নির্বাচন কমিশন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু সভায় সভাপতিত্ব করেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের উপস্থাপনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, যুগ্ম মহাসচিব সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়েরসহ অন্যরা।

জিএম কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ