শ্রদ্ধা-ভালোবাসায় প্রয়াত ১৬ সাংবাদিককে স্মরণ

নিউজ ডেস্ক: প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিনসহ ১৬ সাংবাদিকের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের সম্পর্কে স্মৃতিচারণ করেন সাংবাদিক ও প্রয়াত ব্যক্তিদের পরিবার সদস্যরা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, তারা (প্রয়াত সাংবাদিকরা) প্রত্যেকে তাদের কর্মের কারণে সাংবাদিকতাকে সমৃদ্ধ করেছেন। তাদের চলে যাওয়ায় সাংবাদিকতার জগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, জাতীয় প্রেস ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে আমাদের যে সাথীরা এখন অবর্তমানে, আমরা মনে করি, তাদের স্বপ্ন-আকাঙ্খা, আদর্শ ও অবদান আমাদের সাথে সব সময় রয়েছে। সেই উজ্জ্বল স্মৃতির পাথেয় সম্বল করে আমরা সামনে এগিয়ে যাব।

বিএফইউজে’র সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে তোয়াব খানের অবদান সবসময় থেকে যাবে। তিনি অনুসরণযোগ্য ছিলেন। আর বর্তমান সময়ে রিয়াজ উদ্দিন আহমেদের মতো সাংবাদিক নেতার বড় প্রয়োজন ছিল।

দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির বলেন, আদর্শ মানুষ, আদর্শ সাংবাদিক ও সংবাদকর্মী বলতে যা বোঝায়, তা–ই ছিলেন তোয়াব খান।

প্রয়াত সাগর বিশ্বাসের স্ত্রী প্রতিমাময়ী বিশ্বাস, পীর হাবিবুর রহমানের ছেলে ফাহিম অন্তর, রাজা সিরাজের ছেলে সোহাগ আহমেদসহ প্রয়াত সাংবাদিদের স্বজনরা স্মৃতিচারণ করেন।

স্মৃতিসভায় আরও বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, ডিইউজে’র সাবেক সভাপতি কুদ্দুছ আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম শফিকুল করিম, আর্ট নিউজের সাবেক প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম, আশরাফ আলী, সদস্য আইয়ুব ভূঁইয়াসহ অন্যরা।

স্মরণসভার শুরুতে প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তোয়াব খান, রিয়াজ উদ্দিন আহমেদ ও গীতিকার কে জি মোস্তফা ছাড়াও প্রয়াত এই সাংবাদিকেরা হলেন এস এম শওকত হোসেন, রাজা সিরাজ, শামীম মাশরেকী, সৈয়দ আকরাম, খন্দকার আনিছুর রহমান, পীর হাবিবুর রহমান, শামসুল আলম বেলাল, সাগর বিশ্বাস, এ এম মুফাজ্জল, এইচ এম জালাল আহমেদ, আবুল বাশার নুরু, শফিকুল ইসলাম ইউনূস ও গিয়াস উদ্দিন আহমেদ।

স্মরণ সভা/এসকেএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *