সমাবেশের নামে চাঁদাবাজি করছে বিএনপি

নিউজ ডেস্ক: সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডক্টর হাছান মাহমুদ বলেন, বিএনপি চট্টগ্রামে সমাবেশের নামে ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা নিয়েছে। তারা ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগীয় সমাবেশ করার জন্য বিরাট একটি চাঁদার প্রকল্প তৈরি করেছে। আমি এটিও শুনতে পেলাম যে, চট্টগ্রামে সমাবেশের নামে যে চাঁদা উঠেছিল তার অর্ধেক তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।

বিএনপির সমাবেশে মানুষকে যেতে বাধা দেয়া হয়েছে এমন অভিযোগ খন্ডন করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন এ ধরণের বাধার কথা বলে, তখন আমি তাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে বলি। ২১ আগস্টের সমাবেশে হামলা বিএনপি করেছিল। বিএনপি কিবরিয়া সাহেবের সমাবেশে, সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে এবং নারায়ণগঞ্জের সমাবেশে, আহসান উল্লাহ মাস্টারের সমাবেশে হামলা করেছিল। সারাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমাবেশে হামলা করে তারা বহু মানুষকে হত্যা করেছে। তাদের আমলে আওয়ামী লীগ অফিসের সামনে তারা স্থায়ী কাঁটাতারের বেড়া দিয়েছিল যেন কেউ এর বাইরে যেতে না পারে। বিএনপি এখন সমাবেশ করছে, কোথাও এ ধরণের ঘটনা ঘটেনি।

মন্ত্রী বলেন, অপরদিকে আওয়ামী লীগ সরকারের প্রশাসন বিএনপি যাতে সঠিকভাবে সমাবেশ করতে পারে সেজন্য সহযোগিতা করছে। কিন্তু সমাবেশের নামে তারা অতীতে যেহেতু ভাংচুর, অগ্নিসংযোগ, জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করেছে সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হয়। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। সেটির স্বার্থে অনেক ক্ষেত্রে তল্লাসি করতে হয়েছে বা হচ্ছে।

তথ্যমন্ত্রী এসময় তার আইপ্যাড ও মোবাইল থেকে আওয়ামী লীগ আমলে বিএনপির এবং বিএনপির আমলে আওয়ামী লীগ সমাবেশের ছবি দেখিয়ে বলেন, দেখুন আওয়ামী লীগ আমলে বিএনপি নেতারা মঞ্চে সাজগোজ করে বসে আছে। আর আমরা যখন সমাবেশ করেছি তখন আমাদের ওপর গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য।

তথ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *