নিউজ ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি ভিক্টোরিয়া লেকে আছড়ে পড়ে।
আরোহীদের মধ্যে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন। খবর: বিবিসি।
খবরে বলা হয়, ভিক্টোরিয়া লেকে পড়ে উড়োজাহাজটি প্রায় ডুবে গেছে। শুধু উড়োজাহাজটির লেজের একটি অংশ পানির ওপরে আছে।
উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরা উড়োজাহাজের আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
বুকোবা বিমানবন্দরের রানওয়ের এক প্রান্ত ভিক্টোরিয়া লেক-লাগোয়া। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত কর্মীরা রশি দিয়ে এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি লেক থেকে তুলে আনার চেষ্টা করছেন।
আঞ্চলিক কর্মকর্তা আলবার্ট চালামিলা বলেন, যদি আমরা দেখি যে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার মাটিতে আটকে আছে, তাহলে উড়োজাহাজটি তুলে আনার জন্য আরও সহযোগিতার প্রয়োজন হবে।
আরোহীদের মধ্যে যে ১৭ জন এখনও নিখোঁজ, তাদের মধ্যে দুই বৈমানিক ও দুজন ক্রু।
উড়োজাহাজটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দাস এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবায় আসে। এ সময় সেটি ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়েছিল বলে খবর বেরিয়েছে।
প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। এতে কেনিয়া এয়ারওয়েজেরও বিনিয়োগ রয়েছে। ১৯৯৩ সাল থেকে কাজ শুরু করা প্রিসিশন এয়ার অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করে।
বিমান বিধ্বস্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply