দোকান বরাদ্দে সব অনিয়ম বন্ধ করা হয়েছে

নিউজ ডেস্ক: দোকান বরাদ্দে সব ধরনের অনিয়ম বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বলেন, দোকান বরাদ্দ প্রদান কার্যক্রমে নানাবিধ অনিয়ম ছিল। ফলে প্রকৃত বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা নানা সময়ে বহুবিধ জটিলতার সম্মুখীন হয়েছেন। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আমরা এই দোকান বরাদ্দ প্রদান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। ফলে দোকান বরাদ্দে সব অনিয়ম রোধ করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয়ে নগর মার্কেটের দোকান বরাদ্দ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নগর ভবনের ব্যাংক ফ্লোর প্রাঙ্গণে ঢাকা ট্রেড সেন্টারের ৫ম ও ৬ষ্ঠ তলা, ঢাকেশ্বরী মন্দির রোডসাইড মার্কেট ও আজিমপুর আধুনিক নগর মার্কেটের ক্ষতিগ্রস্তদের মাঝে দোকান বরাদ্দে লটারি আয়োজন করা হয়।

যে কোনও ধরনের অনিয়ম সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, অনেক সময় প্রতারক চক্র নানা রকম প্রলোভন দেখিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। সংশ্লিষ্ট দপ্তরসহ আমাদেরকে অবগত করবেন। মনে রাখবেন, কোনও প্রতারক চক্র কিংবা ব্যক্তি আপনাদেরকে অবৈধ উপায়ে দোকান বরাদ্দ দিতে পারবে না। সেজন্য আপনাদের সবার উপস্থিতিতে এ লটারি প্রক্রিয়া যথাযথভাবে আয়োজন করা হয়েছে।

কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় লটারির মাধ্যমে দোকান বরাদ্দ প্রদান কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুজ্জামান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, সংরক্ষিত আসন ৭ এর কাউন্সিলর শিরিন গাফ্ফার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব সাফিয়া আক্তার সীমু, কর্পোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী এবং রাজস্ব কর্মকর্তা মিয়া মোহাম্মদ জুনায়েদ আমিন উপস্থিত ছিলেন।

মেয়র তাপস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ