নিউজ ডেস্ক: ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব’ আইনের খসড়া চূড়ান্তকরণের পথে। আগামী কয়েক মাসের মধ্যে, পরবর্তী বাজেট অধিবেশনের আগেই সংসদে আইন তৈরির জন্য তা প্রেরণ করা হবে। এমনটাই জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দ্বন্দ্বের পরিবর্তনশীলতা এবং অহিংস রূপান্তরমূলক পদ্ধতি: প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকারের উপর একটি নিবির পর্যবেক্ষণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান। বেসরকারি উন্নয়ন সংস্থা নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিস (নেটজ বাংলাদেশ) সেমিনারের আয়োজন করে।
ভূমিমন্ত্রী আশাপ্রকাশ করেন একই সময় ‘ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর খসড়াও সংসদে প্রেরণ করা সম্ভব হবে।
মন্ত্রী জানান, ভূমি ব্যবহার ও মালিকানা স্বত্ব আইনে’র আওতায় নাগরিকদের ‘সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ’ তথা সিএলও নামক একটি ডকুমেন্ট দেয়া হবে। যেখানে ভূমি মালিকানার সব তথ্য থাকবে। জমির মালিকানা প্রমাণের জন্য বিভিন্ন ধরণের দলিলাদির প্রয়োজন হবেনা। এছাড়া একই সাথে স্মার্ট কার্ডও দেয়া হবে। কার্ডে মালিকানার সব ডিজিটাল তথ্য থাকবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার’ আইনের আওতায় অবৈধ ভূমি দখলকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি ও জরিমানার ব্যবস্থা থাকবে। ‘ভূমি ব্যবহার স্বত্ব গ্রহণ’-আইনের আওতায় মাটির তলদেশ দিয়ে পাইপলাইন স্থাপন ও মাটির নিচে অন্যান্য স্থাপনা নির্মাণের ক্ষেত্রে করলে পুরো জমি অধিগ্রহণ করার প্রয়োজন হবেনা। অধিকন্তু জমির মালিক আর্থিক ক্ষতিপূরণ পাবেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, তিনটি আইন পাস হলে তা ভূমিসেবা ডিজিটালাইজেশনের পরিপূরক হিসেবে কাজ করবে। যা পুরো ভূমি ব্যবস্থাপনায় আমূল সংস্কার আনবে।
তিনি বলেন, বর্তমান সরকার কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করেনা। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি। বাংলাদেশ বহু নৃ-গোষ্ঠী সম্বলিত একটি দেশ। তিনি এ সময় সরকারের গৃহায়ন কর্মসূচির আওতায় গৃহহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণের কথা জানান। মন্ত্রী মনে করেন, বাংলাদেশ ডিজিটাল জরিপ শেষ হলে জমি নিয়ে দ্বন্দ্ব অনেকাংশে কমে আসবে।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসাধারণের ভূমি সম্পর্কিত দ্বন্দ্বের নানা দিক এবং অহিংস পদ্ধতিতে দ্বন্দ্ব সমাধানের পদ্ধতি ও সম্ভাব্য উপায় সংশ্লিষ্ট এক গবেষণার উপর সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ভূমিমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply