শর্তসাপেক্ষে জাহাঙ্গীর আলম ফের আওয়ামী লীগে

নিউজ ডেস্ক: গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে শর্তসাপেক্ষে সাংগঠনিকভাবে ক্ষমা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) মেয়র পদ থেকেও বহিষ্কার হয়েছিলেন জাহাঙ্গীর আলম। গাসিকের বর্তমান মেয়র তার মা জায়েদা খাতুন।

শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।

ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই সূত্রে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।’

ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় চিঠিতে।

২০২১ সালের সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের একটি অডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ভাইরাল হয়। সেই অডিওতে তাকে মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। এ ঘটনায় ওই বছরের ১৯ নভেম্বর তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর তাকে গাসিক-এর মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়।

তবে কেন্দ্রের নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি করপোরেশনের ভোটে প্রার্থী হওয়ায় চলতি বছরের ১৫ মে তাকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। পাঁচ মাস পর দ্বিতীয় দফায় তাকে ক্ষমা করলো আওয়ামী লীগ।

জাহাঙ্গীর/এমএএম/টিটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *