আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। হামলায় ছড়িয়ে পড়া আগুনে বাড়িঘর এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ এক টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর: ভয়েস অব আমেরিকা।
ওলেহ সিনেহুবভ লিখেছেন, ড্রোনের আঘাতে খারকিভ শহরের নেমিশলিয়ানস্কি এলাকার বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর।
হামলায় আগুন ধরে গেলে, অন্তত ১৪টি বাড়ি পুড়ে যায় বলে সরকারি টেলিভিশন সাসপিলনের সংবাদদাতারা জানিয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ৩১টি ড্রোনের মধ্যে ২৩টি ভূপাতিত করে।
খারকিভের পূবাঞ্চলীয় শহর ভেলিকি বুরলুকের শীর্ষ সামরিক কর্মকর্তা ভিক্টর তেরেশেনকো সাসপিলনেকে জানিয়েছেন, ড্রোন হামলায় একটি হাসপাতাল ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহে শহরের একটি হাসপাতালে হামলার আশঙ্কা করছিলেন কর্মকর্তারা। এ আশঙ্কার কারণে কয়েক ডজন রোগীকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।
আঞ্চলিক গভর্নর আরও জানিয়েছেন, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে ড্রোন হামলায় আরও একজন আহত হয়েছেন। দিনের শুরুর দিকে রাশিয়া সীমান্তবর্তী সুমি অঞ্চলের একটি গ্রামে গোলাবর্ষণে আরও তিনজন নিহত হয়েছে।
যুদ্ধ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply